প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
বটতলা বাজারে মাদকবিরোধী অভিযান: ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার বটতলা বাজারে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসএমবি-৫, রাজশাহী। পুলিশের বিশেষ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৬টা ১০ মিনিটের দিকে বটতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে বটতলা শেখ পাড়া গ্রামে জনৈক মো. রাসেল আলীর কবুতরঘরে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মো. রাসেল আলী (২৪), মো. দুলাল (৫০) ও মো. সিরাজ আহমেদ (২০)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |