প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
এক দিনে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, আটক ৫
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ এক দিনের ব্যবধানে উদ্ধার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে একটি লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। বুধবার রাতে অভিযান চালিয়ে লাগেজগুলো উদ্ধার করা হয়। এর আগে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজগুলো উধাও হয়। লাগেজে ক্রিকেটারদের পোশাক, পাসপোর্ট, আইফোন, নগদ টাকা ও দামি সুগন্ধিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিল। লাগেজ খুঁজে না পেয়ে এক ক্রিকেটার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তে নামে পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, আটক ব্যক্তিরা পেশাদার অপরাধী। তাদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা লাগেজগুলো চুরি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |