প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাই, দুইজন গ্রেপ্তার
মোকছেদুল ইসলাম, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা এবং ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় হুমায়ুন কবির (৪৫) মোটরসাইকেল নিয়ে পৌঁছালে সিয়াম (১৮), রোহিত (১৮) ও অজ্ঞাতনামা আরও এক-দুইজন তাঁকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদলগাছী থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে পুলিশ।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |