
নিজস্ব প্রতিবেদক, রাবি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ২৩ জুনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এখনো আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন। কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী ২৩ জুন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে ফজরের নামাজের পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেবেন। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
সমাবেশে ছাত্রদলের নেতারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সমালোচনা করেন এবং সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।