
নিজস্ব প্রতিবেদক, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলায় আমবোঝাই ভ্যান উল্টে আশ্বাব আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়ক ও ব্রিজের সংযোগস্থল বেহাল অবস্থায় থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের একটি ঝুঁকিপূর্ণ অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশ্বাব আলী বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং ইনছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে একটি উঁচু ব্রিজ রয়েছে। ব্রিজটির দুই পাশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় সেখানে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দুপুরে আমোদপুর গ্রামের কুদ্দুসের আমবোঝাই একটি ভ্যান ব্রিজে ওঠার সময় পেছন থেকে ঠেলে সহায়তা করছিলেন আশ্বাব আলী। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভ্যানে থাকা আমের কার্টনসহ পুরো বোঝা তার বুকের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, বাঘা ও চারঘাট অঞ্চলের কৃষিপণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বিশেষ করে ব্রিজের সংযোগস্থল ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে কৃষক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সড়ক ও ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।