
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হচ্ছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন পরিচালনার দায়ে মামলা দায়ের করা হচ্ছে।

আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নিজে বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করে অভিযান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট পরিধান, বৈধ ড্রাইভিং লাইসেন্স বহন এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান।
আরএমপি সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।