
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল এলাকায় উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনরায় দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। তবে বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি জানান।
ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক। অন্যদিকে, রফিকুল ইসলাম পাখির সমর্থকেরা নগরীর রেলগেট এলাকায় জড়ো হন। উভয় পক্ষের হাতেই রড, পাইপসহ দেশীয় অস্ত্র দেখা যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিক দলের নেতাকর্মীসহ পাখির প্রায় দুই শতাধিক অনুসারী একটি মিছিল নিয়ে শিরোইলের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং টার্মিনাল এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।
ঘটনার পর থেকে শিরোইল বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
