
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহীর দুর্গাপুরে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ১০ থেকে ১২ জন যুবক এ মিছিলে অংশ নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (২১ জুন) উপজেলার কানপাড়া-খড়খড়ি সড়কের ফলিয়ার বিল এলাকায় ফাঁকা স্থানে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা ব্যানারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার ছবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। ব্যানারের নিচে ‘আয়োজনে- রাজশাহী জেলা আওয়ামী লীগ’ লেখা ছিল।
ব্যানারে ‘প্রত্যাবর্তন-০২’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও দেখা যায়। পাশাপাশি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন যুবক ঘটনাস্থলে এসে দ্রুত ব্যানার প্রদর্শন করে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে প্রায় ৫ থেকে ৬ মিনিট মিছিল করে তারা দক্ষিণ দিকে চলে যান এবং অল্প সময়ের মধ্যেই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।
একজন ভ্যানচালক জানান, মিছিলে অংশগ্রহণকারীদের সবার মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার রাতেই ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এসব ছবি ও ভিডিও পোস্ট করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “ঝটিকা মিছিলের বিষয়টি আমরা জেনেছি। কারা এ মিছিল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে কোনো নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক গোষ্ঠী তৎপরতা চালালে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।