
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মহানগরীতে কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাসিক।
বৃহস্পতিবার প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন কোনো ভাড়া নির্ধারণ করেনি। তাই নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে সকলের সহযোগিতা কামনা করে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।এ সময় তারা চালক ও যাত্রীদের অবহিত করেন যে, রাজশাহী সিটি কর্পোরেশন কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করেনি। পাশাপাশি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা পরিশোধ না করতে সবাইকে সচেতন করা হয়। অভিযান ও তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রাসিক সূত্র জানায়, নগরবাসীর স্বার্থে অটোরিকশা ভাড়া সংক্রান্ত বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।