
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শ্র মিক সংগঠনগুলোর দ্বন্দ্বকে কেন্দ্র করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে মোটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বাস চলাচলে ধর্মঘট ডাকে অপর পক্ষ।রাতে হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষের নেতৃত্বেই এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হক জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
