
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।
তিনি আজ রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইজিপি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ জন্য তিনি শিক্ষানবিশদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের সবসময় আধুনিক ও আপডেট রাখার পরামর্শ দেন।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠাই হবে তোমাদের মূল লক্ষ্য।” তিনি আশা প্রকাশ করেন, নবীন কর্মকর্তারা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবেন।
এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যার মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
