
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আংরার বিল এলাকায় মোটরচালিত পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার যুগিশো গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পুকুর থেকে অন্য পুকুরে পানি সরবরাহের জন্য মোটরচালিত পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় জাহাঙ্গীর আলম একাই কাজ করছিলেন নাকি সেখানে অন্য কেউ উপস্থিত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে মাঠে কাজ করতে যাওয়ার পথে স্থানীয়রা তাকে পুকুরপাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুকুরের মালিককে খবর দেন।
এদিকে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, আংরার বিল এলাকায় দীর্ঘদিন ধরে মাছচাষের কাজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পুকুরে পানি সেচ ও স্থানান্তরের কাজে অনুমোদনহীন সংযোগ ব্যবহারের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
প্রতিবেশী ফিরোজ আলী বলেন, “জাহাঙ্গীর দিনমজুরি করে পরিবার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা এখন দিশেহারা।”
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিদ্যুৎ সংযোগটি বৈধ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।
স্থানীয়রা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সংযোগ ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।