
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা শিক্ষকদের ওপর হামলা চালায় এবং কলেজের অফিসকক্ষে ব্যাপক ভাঙচুর করে। পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুইজন কর্মচারী। গুরুতর আহত অধ্যক্ষ ও প্রভাষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকেই কলেজ এলাকা ত্যাগ করেন, ফলে পরীক্ষা কার্যক্রমও বিঘ্নিত হয়।
আহত শিক্ষকরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি দল পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল, যা না পেয়ে এই হামলা চালানো হয়েছে।
তবে বিএনপির স্থানীয় এক নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের পূর্ববর্তী প্রশাসনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তাদের দাবি, প্রথমে শিক্ষকদের পক্ষ থেকেই হামলার সূত্রপাত ঘটে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে কিছু লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে কলেজে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর কলেজ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
