
জয়, চীফ রিপোর্টার: রাজশাহী নগরীতে এসএসসি পরীক্ষার্থী নন্দিনী ঘোষকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত যুবক সিজানকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার নর্দানের মোড় এলাকার প্রফেসরপাড়ায় এই হামলার ঘটনা ঘটে।
আহত নন্দিনী ঘোষ (১৫) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর জন্য রোববার দুপুরে নন্দিনী স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে সিজান নামের এক যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে নন্দিনীর হাত ও পিঠে গুরুতর জখম হয়।
ঘটনার সময় নন্দিনীর সঙ্গে আরও দুই বান্ধবী ছিল। স্থানীয়দের দাবি, হামলাকারী সিজান তাদেরই একজনের স্বামী। হামলার পরপরই সিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত নন্দিনীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিজানকে আটক করেছে। হামলার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত শিক্ষার্থীর বক্তব্য নিতে পুলিশ হাসপাতালে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার মূল কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম জানান, পুলিশের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। নন্দিনী এ বছর এসএসসি পরীক্ষার্থী। তবে ঘটনার বিস্তারিত তিনি এখনো জানেন না।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীর ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ও অভিভাবকরা। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দ্রুত চার্জশিট দেওয়া হবে।