
সানোয়ার আরিফ রাজশাহী:
গ্রীন সিটি, ক্লিন সিটি, শান্তির নগরী’—এই পরিচয়ে দীর্ঘদিন ধরে পরিচিত রাজশাহী। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা ঘটনা ও পরিস্থিতির কারণে সেই শান্ত পরিবেশ যেন ক্রমেই বিঘ্নিত হচ্ছে।
নগরজুড়ে বাড়ছে বিশৃঙ্খলা, সহিংসতা, অপরাধ এবং অসহিষ্ণুতা। ছোটখাটো বিরোধও অনেক সময় বড় সংঘাতে রূপ নিচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং প্রশ্ন উঠছে—রাজশাহী কি তার আগের সেই শান্ত, নিরাপদ ও সৌন্দর্যময় পরিচয় হারাতে বসেছে?
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। নাগরিকদের মধ্যেও দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে হবে। আইন মেনে চলা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং পারস্পরিক সহনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
এছাড়া পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলছেন সচেতন মহল। তাদের মতে, সামাজিক বন্ধন শক্তিশালী না হলে নগরীর শান্তি ও নিরাপত্তা দীর্ঘস্থায়ী হবে না।
রাজশাহী সবার—এই শহরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাই সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্মিলিত প্রচেষ্টাতেই আবারও গড়ে তোলা সম্ভব একটি শান্ত, নিরাপদ ও মানবিক রাজশাহী।
