
বাঘা প্রতিনিধি: বাংলা ইশারা ভাষা দিবস (৭ ফেব্রুয়ারি) উপলক্ষে বাঘা উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ ব্যক্তির অধিকার’।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার সভায় বক্তব্যে বলেন, “শ্রবণ ও বাক্ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই মানুষদেরও একটি নিজস্ব ভাষা আছে। তারা আমাদের মতো বাচনিক ভাষায় নয়, সংকেত ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেন। তথ্য-প্রযুক্তির উন্নয়নে সেই যোগাযোগ আরও সহজ হয়েছে।”
সভাপতির বক্তব্যে মনসুর আলী, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, বলেন, “দিবসটি সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও যোগাযোগের অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করে। ২০১২ সালে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি নির্ধারণ করা হয়।”
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয় এবং প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা বুদ্ধি অটিস্টিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।