
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার দারুশা কর্ণহারে অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সরকার সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, মনিটরিংয়ের সময় পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল। পাশাপাশি গ্রাহকদের বাধ্যতামূলক রশিদ দেওয়া হচ্ছিল না এবং এ সংক্রান্ত কোনো নথিও প্রদর্শন করতে পারেনি তারা।
এছাড়া তেলের মজুত সংক্রান্ত যে হিসাব দেখানো হচ্ছিল, তা যাচাইয়ের জন্য কোনো কার্যকর ব্যবস্থা ছিল না বলেও জানান তিনি।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র্যাব-৫ এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।
