
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হরিয়ান রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পাকশী রেলওয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৪০ মিনিটের দিকে অভিযান চালায়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় চলন্ত অবস্থায় কেবিন ‘গ’-এর ১৭ নম্বর আসনে তল্লাশি চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ হানিফ (৩৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। তল্লাশিকালে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকসহ তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
