
নিজস্ব প্রতিবেদক:
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) এই কর্মসূচি পালিত হয়।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং গ্রাম কল্যাণ কেন্দ্র সপুরা, রাজশাহীর যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রম অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
