
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী শিক্ষিকার ছোড়া ডাস্টারের আঘাতে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এক শিক্ষার্থীর দিকে ডাস্টার ছুড়ে মারেন। এতে ডাস্টারটি শিশুটির চোয়ালে আঘাত করে এবং জিহ্বা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়।
আহত শিক্ষার্থীকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অপারেশন চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। শিশুটিকে অজ্ঞান করে অস্ত্রোপচার করানোর আগে হাসপাতাল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে বন্ডে স্বাক্ষর নিয়েছে বলেও জানা যায়।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবার।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য পাওয়া যায়নি।