
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নিয়ে নেতারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের সকল ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঝটিকা মিছিলের মাধ্যমে ছাত্রলীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। একই সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পুনরায় অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এর আগে বুধবার (৩ জুন) সকালে নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সিটিহাট এলাকার বাইপাস সড়কে মিছিল বের করেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে সক্রিয় হয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, “সকাল ৮টার দিকে মিছিল হওয়ার তথ্য আমরা পেয়েছি। ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” ঘটনাটি ঘিরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।