
এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার পাল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, শিক্ষক আব্দুর রাকিব, মোঃ হাতেম তাইসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উপজেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্রুত অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন সম্পন্ন করার জন্য জোরালো আহ্বান জানানো হয়।
জানা যায়, ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা ৮টি ইভেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে এই কর্মসূচির মাধ্যমে। নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল ২০২৬।
