
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য মো. সাইদুর রহমান কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহী মহানগরীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার খবর পেয়ে শনিবার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মুঠোফোনে সাইদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার কথা জানান।
সাইদুর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মো. সাইদুর রহমান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।