
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ঝন্টু (৫৮) নিশ্চিতপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত কালাম একই গ্রামের এরশাদ আলী প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ হাতাহাতিতে রূপ নেয়। এ সময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় শিক্ষক আলাউদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার কারণে আঘাতের ধাক্কা সহ্য করতে না পারায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।