
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. জহুরুল ইসলাম (২৮), মো. কামরুল ইসলাম (২৫) এবং মো. মানিক মিয়া (২৮)। তাদের মধ্যে জহুরুল ইসলাম ও কামরুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা। অপরজন মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা।
রাজশাহী জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল তালন্দ বাজার ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হলে কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে জহুরুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি পৃথক প্যাকেটে রাখা মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।