
বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান
নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মতিহার থানার বিনোদপুর বাজারে অবস্থিত বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) ল্যাবরেটরি হাই স্কুলে এ কর্মসূচির আয়োজন করেন মতিহার থানা দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি।
“সবার আগে দেশ, পরিবেশ হোক আমাদের অনুপ্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক সাইদুর ইসলাম সুমন, মতিহার থানা জাসাসের সভাপতি আল আমীন মিলন, মতিহার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।