
মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে স্থানীয়ভাবে ‘বাউলি’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ স্টান্ট করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির ১০ চাকার বালিবাহী ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকসহ দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতরা হলেন কাইযুম ইসলাম রাতুল (১৮), কেশরহাট পৌর এলাকার সাকেয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে এবং লিমন (২২), একই পৌর এলাকার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বাধীন (২২)। তিনি নিহত রাতুলের বড় ভাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী, এসআই আব্দুর রহিম ও এসআই শিমুলের নেতৃত্বে পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য মোহনপুর থানায় নেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত বালিবাহী ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।