নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে “Advanced Programme on AI Law and Policy” শীর্ষক উচ্চতর প্রোগ্রামে অংশ নিয়েছেন নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অক্সফোর্ডের ওরচেস্টার কলেজে অনুষ্ঠিত আবাসিক এই প্রোগ্রামে তিনি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় অংশ নেন এবং প্রোগ্রাম সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেন।
আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিদ্যমান আইনি কাঠামো, নিয়ন্ত্রণ সংস্থা ও আইন পেশাকে কীভাবে প্রভাবিত করছে, সেটি ছিল আলোচনার কেন্দ্রে। বিশেষ করে, এআই-ভিত্তিক সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ, সীমাবদ্ধতা, দায়বদ্ধতা ও ক্ষতির দায় নির্ধারণ এবং তথ্য সুরক্ষাসহ বিচার ও জনসেবা খাতে এআই ব্যবহারের আইনি ও নীতিগত নানা দিক বিশ্লেষণধর্মী আলোচনায় উঠে আসে।
এছাড়া, এআই প্রকিউরমেন্ট, সরকারি সেবা প্রদানে এআই ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা আইনের ভূমিকা নিয়েও আলোচনা হয়। গ্লোবাল সাউথের দেশগুলোতে এআই ব্যবস্থা যাচাই ও ক্ষতি প্রমাণের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং এআই-সংক্রান্ত নতুন আইন ও নীতি প্রণয়নে রাষ্ট্রগুলোর বর্তমান চ্যালেঞ্জও আলোচনার অংশ ছিল।
বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন উদ্ভাবক, বিচারক, জ্যেষ্ঠ আইনজীবী, আইন উপদেষ্টা ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি এআই আইন ও নীতি বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। এটি ভবিষ্যৎ গবেষণা, নীতি-সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করতে পারে।
Rahman Moti