ঢাকা | বঙ্গাব্দ

অভিমান করে বাড়ি ছাড়ার ৫০ বছর পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
অভিমান করে বাড়ি ছাড়ার ৫০ বছর পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু ছবির ক্যাপশন:
ad728
মোঃ শাহান আলী, শাহজাদপুর : মাত্র ১৩ বছর বয়সে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন শামছু। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর ৭০ বছর বয়সে ফিরে এলেন নিজ ভিটায়। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের সাহাপাড়া মহল্লায় ঘটে যাওয়া এ ঘটনা ঘিরে স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বৃদ্ধ শামছুকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মেয়ের জামাই মিন্টুকে সঙ্গে নিয়ে খোঁজ করতে করতে নিজ বাড়িতে ফিরে আসেন শামছু। তিনি ওই মহল্লার মৃত গোলাম হোসেনের পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে তৃতীয় সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শৈশবে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়ার পর শামছুর বাবা ও ভাইয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় একপর্যায়ে তাঁকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় পরিবার। এরই মধ্যে তাঁর বাবা-মা, চার ভাই ও দুই বোন মারা গেছেন। বর্তমানে ওই বাড়িতে তাঁর ভাইদের সন্তানরা বসবাস করছেন। ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে যাওয়া এক চাচার কথা তাঁরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন।
শামছুর বোন রুবি বেগম বলেন, “আমরা স্বপ্নেও ভাবিনি, আমার ভাই বেঁচে আছেন এবং একদিন ফিরে আসবেন। জীবনের শেষ সময়ে ভাইকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। তবে আফসোস, বাবা-মা ও অন্য ভাইবোনেরা তাঁকে দেখে যেতে পারলেন না।”
বৃদ্ধ শামছু জানান, বাড়ি ছেড়ে প্রথমে ঢাকায় এবং পরে চট্টগ্রামে চলে যান তিনি। সেখানে ঠেলাগাড়ি ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলেরা গাড়ি চালান। বর্তমানে তিনি চট্টগ্রামের কর্ণফুলী সেতুর পাশে কালনী বাজার এলাকায় বসবাস করেন।
এত বছর পর কেন বাড়ি ফেরেননি—এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর না দিলেও মৃত্যুর আগে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং বাবার ভিটার মাটি স্পর্শ করার আকাঙ্ক্ষার কথা জানান তিনি। শামছু বলেন, “এখন তো মারা যাব, তাই মৃত্যুর আগে বেঁচে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এবং বাবার ভিটার মাটি স্পর্শ করে জীবনের পূর্ণতা পেতে এসেছি।”
বাড়ি চিনলেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁদের বাড়ি বড় মসজিদের পাশে ছিল। পরে মখদুমিয়া জামে মসজিদের কাছে এসে খোঁজ করতে করতেই নিজের বাড়িতে পৌঁছান তিনি।
দীর্ঘ পাঁচ দশকের বিচ্ছেদের পর শামছুর ফিরে আসা যেন একদিকে স্বজনদের হারানো স্মৃতি ফিরিয়ে দিয়েছে, অন্যদিকে পরিবারে সৃষ্টি করেছে আবেগঘন এক পুনর্মিলনের মুহূর্ত।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা