বাগমারা প্রতিনিধি : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার নরদাশ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা সরাসরি শোনার পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
সফরকালে নরদাশ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও জনসভায় অংশ নেন সংসদ সদস্য। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
বাঁধেরহাট এলাকায় পথসভা শেষে ভেদুর মোড়, মাদিলা মোড়, নরদাশ বাজার, ঢাকের মোড় ও হাট মাধনগর বাজারে আয়োজিত জনসভায় অংশ নেন ডা. আব্দুল বারী সরদার। প্রতিটি স্থানে স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
এ সময় ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেই এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মানুষের চাহিদা ও এলাকার অগ্রাধিকার বিবেচনায় নিয়ে আগামী দিনে উন্নয়নের ধারা আরও এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। মানুষের সমস্যা সমাধান এবং বাগমারার প্রতিটি এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তিনি।
সফরকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, নরদাশ ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মমতাজ আলী, সাধারণ সম্পাদক আল মামুন, বায়তুল মাল সম্পাদক আনিসুর রহমান, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, সংসদ সদস্যের সরাসরি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাদের সমস্যার কথা শোনার উদ্যোগ ইতিবাচক। তাদের প্রত্যাশা, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নরদাশ ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়বে।
Rahman Moti