ঢাকা | বঙ্গাব্দ

ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহনন: নেপথ্যের হোতাদের গ্রেপ্তারে আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহনন: নেপথ্যের হোতাদের গ্রেপ্তারে আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা ছবির ক্যাপশন: ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহনন: নেপথ্যের হোতাদের গ্রেপ্তারে আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা
ad728
রাজশাহী প্রতিনিধি: ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে রাজশাহী প্রেসক্লাব।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দফতরে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও সাংবাদিকদের নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারই আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল ভুয়া পরিচয় ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত বা গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তারা।
সভায় অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে কাজলা অক্টর মোড় এলাকার মাসুদ রানা রাব্বানী, বিলসিমলা এলাকার মাসুদ আলী পুলক ও আমবাগান এলাকার মামুনুর রহমান কাচুসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও নথিপত্রসহ কিছু তথ্য-প্রমাণ পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেন।
অভিযোগের বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সাইবার অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে জানান। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছ থেকে কারিগরি তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি আরএমপির সাইবার অ্যান্ড ক্রাইম শাখা গুরুত্ব দিয়ে তদন্ত করবে বলে আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি ও মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা নাসরিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় ‘জুলাই ৩৬’-এর সামনে অবস্থান নিয়ে জরুরি প্রেস ব্রিফিং করেন।
এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রেসক্লাব দখলের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ভুয়া আইডির মাধ্যমে যারা এসব অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান ব্যবস্থা না নিলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর বলেন, সাংবাদিকদের চরিত্রহনন শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়। অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাজিব আলী রাতুল এবং সদস্য মাজহারুল ইসলাম চপল।
সাংবাদিক নেতৃবৃন্দ ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে অপপ্রচারের ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা