নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিদ্যরামপুর গ্রামের তাসনিম রিফাত।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত তাসনিম রিফাত পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিদ্যরামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, দায়িত্ব পালনরত অবস্থায় রিফাতের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
ফায়ারিং অনুশীলনের সময় কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
Rahman Moti