
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর :
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৭৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ এবং পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ১৪ জন এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার আগে ও পরে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের আতিকুর রহমান খোকন (৩০) এবং কিসমত গণকৈড় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা (৩২)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল এলাকার একটি সেতুর উত্তর পাশে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যান।
পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং স্থিরচিত্র পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারী ১৩ জনকে শনাক্ত করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শরীফ চেয়ারম্যান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার ও সমর্থন দেওয়ার অভিযোগে শরিফুজ্জামান শরিফকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু ও সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফের পরিকল্পনা ও নির্দেশনায় অন্যান্য আসামিরা সরকারবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”