
জয়নাল আবেদিন জয় চীফ রিপোর্টার:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
(১৪) এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়ার পিএন স্কুল মাঠে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শোভাযাত্রার বিশেষ দিক ছিল অংশগ্রহণকারীদের হাতে থাকা লোকজ ঐতিহ্যের নানা উপকরণ।
বর্ণিল শোভাযাত্রা শেষে উপজেলা পিএন স্কুল মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা সেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির নানা রূপ ফুটিয়ে তোলেন। দেশাত্মবোধক গান ও লোকজ সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশা করা ব্যানার, ফেস্টুন এবং পান্তা-ইলিশের প্রতিকৃতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন করে তোলে। রঙিন সাজে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষ এই উৎসবে সামিল হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে পুঠিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার উপজেলার সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরাও এই আয়োজনে যোগ দেন।
