
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ উদ্যোগের অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পরিকল্পনায় নগরীর দড়িখরবনা মোড় থেকে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝখানে টব ও ড্রামে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

এই উদ্যোগের আওতায় পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন গাছ স্থাপন করা হচ্ছে। এতে একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেখানে টব ও ড্রামের মাধ্যমে বৃক্ষরোপণের এই পদ্ধতি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এতে গাছের পরিচর্যা সহজ হবে এবং প্রয়োজনে স্থানান্তরও করা যাবে।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, পর্যায়ক্রমে নগরীর আরও গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাগরিকদের সহযোগিতায় এ উদ্যোগ সফল হলে রাজশাহী আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরীতে পরিণত হবে। পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
