
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরএমপির তথ্য অনুযায়ী, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত বিশেষ মাদক দমন টিম মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি কমিশনারের নির্দেশনায় বিশেষ এই টিম কাজ করছে।
গ্রেপ্তার ব্যক্তি বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার বাসিন্দা মো. ফাহিম (২০)। একই ঘটনায় ওই এলাকার বাসিন্দা মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে পঞ্চবটি শেখের চক এলাকায় বিনা বেগমের বাড়ির সামনে অভিযান চালানো হয়। অভিযানের সময় ফাহিমকে আটক করা হলেও বিনা বেগম পালিয়ে যান।
পরে ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফাহিম ও বিনা বেগম দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানিয়েছে, ডিবি ও থানা পুলিশের পাশাপাশি বিশেষ মাদক দমন টিমের কার্যক্রমও নিয়মিতভাবে চলমান থাকবে।