
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে সংঘটিত হয়েছে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে একটি স্বর্ণের দোকানে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, লুট হওয়া স্বর্ণের পরিমাণ প্রায় আড়াইশ থেকে তিনশ ভরি হতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দোকান খোলার সময় ঘটনাটি প্রথম ধরা পড়ে। পরে দেখা যায়, আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতচক্র প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দেয়াল কেটে পাশের কারুশ্রী জুয়েলার্সে ঢুকে সিন্ধুক ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। ঘটনার পর তারা পুনরায় আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে স্থান ত্যাগ করে। কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার সকালে দোকান খুলে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হন এবং প্রতিবাদস্বরূপ স্বর্ণপট্টির দোকানপাট বন্ধ করে দেন।
ব্যবসায়ীদের মতে, এটি একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত ডাকাতি। দোকানের অবস্থান, অভ্যন্তরীণ বিন্যাস এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় বলেও তারা মনে করছেন। ঘটনার পর এলাকায় নানা ধরনের আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি নয় আইনশৃঙ্খলা বাহিনী।
খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি সংঘবদ্ধ কোনো চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার পর স্বর্ণপট্টি এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন স্বর্ণ ব্যবসায়ীরা।