
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সাধারণ ভোটাররা সন্ত্রাসীদের ভয়ে ভোট কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না।
শনিবার বিকেলে ওয়ালিয়া বাজারে কলস প্রতীকের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে টিপু আরও বলেন, শুক্রবার রাতে লালপুর উপজেলার কুচুয়া গ্রামে কলস প্রতীকের মিছিলে ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এ ঘটনায় ১০–১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং চিকিৎসা চলছে।
তিনি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা ও উপজেলা বিএনপির প্রাক্তন নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
