
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক সদস্য ও তার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।
ঘটনার পর পাল্টা ‘মব’ হামলার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মারধরের শিকার হয়েছেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সোহেল আলী (২৯) এবং তার ভাই জয় আলী (২৪)। তারা রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের বাসিন্দা। জানা যায়, তাদের মা জুলিয়ারা বেগম (৫০) অসুস্থ হয়ে রোববার রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরদিন সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযোগ রয়েছে, মায়ের মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার প্রতিবাদ করতে গেলে সোহেল ও তার ভাই ইন্টার্ন চিকিৎসকদের হাতে মারধরের শিকার হন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আরও একজনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা চিকিৎসকদের সরকারি কাজে বাধা দিয়ে আক্রমণাত্মক আচরণ ও হুমকি প্রদান করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়ের করা মামলায় জয় আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে সেনাসদস্য সোহেল আলীকে সামরিক আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, গত দুই দিন ধরে তারা রোগীর স্বজনদের হাতে হেনস্তা ও ‘মব’ হামলার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ইন্টার্ন ডক্টরস সোসাইটির ব্যানারে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। একইসঙ্গে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসক না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত অবগত নন।
