
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুলালপাড়া গ্রামে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) পরিচালিত এ অভিযানে পেট্রোল একটি বাড়িতে মজুদ অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে উদ্ধারকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয় বলে জানা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
