
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই চরম অর্থনৈতিক চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম দফায় দফায় বৃদ্ধি জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। তারা এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তারা বলেন, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসনের পরিপন্থী।
সমাবেশে আরও বলা হয়, বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের প্রবণতা উদ্বেগজনক। বক্তারা সংশ্লিষ্ট মহলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি তোলেন।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।