
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিগত সময়ে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পেরে গণমাধ্যমকে একপ্রকার নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে চারঘাট উপজেলায় চারঘাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি চাঁদ।
তিনি বলেন, “দেশ এখন পরিবর্তনের পথে। বিএনপির চেয়ারম্যান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চান সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক। আমার বা আমার দলের কোনো ভুল থাকলে সেটিও আপনারা লিখবেন। তবেই আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো।” সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আপনাদের এলাকার এমপি হিসেবে আশ্বস্ত করছি—আমার বা আমার নেতাকর্মীদের কোনো অনিয়ম চোখে পড়লে তা নির্ভয়ে তুলে ধরবেন। আমি চাই চারঘাট-বাঘায় সব ধরনের অন্যায় ও অবিচার দূর করে একটি শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে।”
অবৈধভাবে পুকুর খননের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি চাঁদ বলেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তিই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। “মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এসব বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চাই,” যোগ করেন তিনি। সম্প্রতি চারঘাটের সিপাইপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রকৃত সত্য তুলে ধরুন। আমি চাই না নির্দোষ কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হোক।”অনুষ্ঠানের শেষে চারঘাট প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এমপি চাঁদ।
চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সহসভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা ও দপ্তর সম্পাদক কে এম জুবায়ের ইসলামসহ অন্যরা।
