
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শখের বসে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হাসান অলি (২০) রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, জাহিদ নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুরে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদপান করতেন না। দুই দিন আগে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার আশঙ্কায় শুরুতে হাসপাতালে ভর্তি হননি।
পরবর্তীতে বুধবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের জানানো হয় তিনি মদপান করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।
