
নিজস্ব প্রতিবেদক: আমের রাজধানী খ্যাত রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। শুক্রবার থেকে বাগানগুলোতে গুটি জাতের আম পাড়া শুরু হওয়ায় কৃষক, ব্যবসায়ী ও আমচাষিদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। এর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হলো বহুল প্রতীক্ষিত আমের মৌসুম।
সকালে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষি ও ব্যবসায়ীরা বাগান থেকে গুটি আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে পবা উপজেলার কুকন্ডী ও বুধপাড়া এলাকার কয়েকটি বাগানে সীমিত পরিসরে আম পাড়া শুরু হয়েছে। তবে এখনো পুরোদমে আম সংগ্রহ শুরু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আম ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে শুক্রবার থেকে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। বর্তমানে অল্প পরিমাণে আম নামানো হলেও শনিবার বানেশ্বর হাটে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, “মৌসুমের শুরু হওয়ায় এখনো বেশি পরিমাণে আম সংগ্রহ করা হচ্ছে না।”
স্থানীয় চাষি রেজাউল করিম বলেন, বুধপাড়া এলাকায় গুটি আম নামানো শুরু হলেও অধিকাংশ আম পুরোপুরি পরিপক্ব হয়নি। আরও কয়েকদিন পর বাগানগুলোতে ব্যাপকভাবে আম সংগ্রহ শুরু হবে বলে আশা করছেন তিনি। কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত বন্ধ এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে এবারও নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হচ্ছে। এতে আমের গুণগত মান বজায় থাকবে এবং বাজারেও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাঙ্গো এবং ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাতের অনুমতি দেওয়া হবে।

এদিকে ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি সংগ্রহ শুরু হবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।