
নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় সর্বোচ্চ ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ঘোষিত মূল্য অনুযায়ী, ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া সংরক্ষণে এবার সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া নষ্ট হওয়া ও পাচার রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কুরবানিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।
