
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌরসভার আচুয়াভাটা (কসাইপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম নাঈম হোসেন (২২)। তিনি গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা (কসাইপাড়া) গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আচুয়াভাটা (কসাইপাড়া) এলাকায় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন নিয়ে অবস্থান করছেন।
পরে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচর থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা বাদামি রঙের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত নাঈম হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
