
নিজস্ব প্রতিনিধি: নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষ ৪২ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এর সিজার মূল্য প্রায় ২০ লক্ষ ৮০ হাজার টাকা।
অপরদিকে, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে আনুমানিক ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের ইটের ভাটার সামনে কাচাঁ রাস্তায় অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে, টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যার সিজার মূল্য ৬২ হাজার ৮০০ টাকা। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবর্তী অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
