
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ৫১ শিশুর মৃত্যুর পর সংক্রামক এ রোগ মোকাবিলায় চিকিৎসা কার্যক্রম জোরদার করতে আট সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এ বোর্ড গঠনের নির্দেশ দেন। আদেশে বলা হয়েছে, হাসপাতালে হাম রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। হাম-পরবর্তী জটিলতায় গুরুতর রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বোর্ডের সদস্যরা সরেজমিনে উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন।
মেডিকেল বোর্ডের সভাপতি করা হয়েছে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিনকে। সদস্য হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক, নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনজুর এলাহী, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আহমদ যায়নুদ্দীন সানী, ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শারমিনা আফতাব, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইউনিট প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মিজানুর রহমান এবং কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রকিবুল হাসান রাসেদ।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে এ ধরনের মেডিকেল বোর্ড গঠন করা হয়ে থাকে, যা হাসপাতালের নিয়মিত কার্যক্রমের অংশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ে। শুরুতে শিশু ওয়ার্ডে অন্যান্য রোগীর সঙ্গে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা দেওয়া হলেও পরিস্থিতির অবনতি হলে মার্চের শেষ দিকে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।
এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ জন। সংক্রমণ শুরুর পর থেকে মোট ৬১৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪৫ জন।
