
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়ক, নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়নকাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। পবা ও মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। উত্তরাঞ্চল, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে অতিরিক্ত বরাদ্দের বিষয়েও জাতীয় সংসদে দাবি উত্থাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এসব উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৩১০ মিটার ইউনিব্লক সড়ক এবং ১ নম্বর ওয়ার্ডে একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। এ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা।
দ্বিতীয় প্যাকেজের আওতায় নওহাটা বাজার এলাকায় ২০৭ মিটার আরসিসি নালা নির্মাণ এবং বাজার জামে মসজিদের উত্তর পাশে একটি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। এ প্যাকেজের প্রাক্কলিত ব্যয় ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।