
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান এবং অনুষ্ঠান শেষে আবার হেঁটেই সচিবালয়ে ফেরেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে পৌঁছান। এরপর বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে ফিরে আসেন।
খুব বেশি দূরের পথ না হলেও আগে কখনও সরকার প্রধান বা মন্ত্রীদের এমন হেঁটে যাত্রা করতে দেখা যায়নি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সচিবালয়ের কর্মকর্তা ও পথচারীরা ইতিবাচক হিসেবে দেখছেন।
এসময় তাঁর নিরাপত্তার জন্য আশপাশে এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে উপস্থিত হয়ে মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে, যেখানে বেলা ১১টায় একুশে পদক প্রদান করা হয় এবং বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান শেষে সচিবালয়ে ফেরেন তিনি। দুপুর দেড়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
